লক্ষ্মীপুরে খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৩:১৭
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় শুক্রবার রাত ১১টায় খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দোকান কর্মচারী হারুনুর রশিদ ও ফিরোজ আলমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদের মধ্যে হারুনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শোহায়েব।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জাহাঙ্গীর  হোসেনের খাবার হোটেলের ভিতরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় দোকানের ভিতরে থাকা কর্মচারী হারুনুর রশিদ ও ফিরোজ আলম দগ্ধ হয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
 
হারুনুর রশিদ সদর উপজেলার কালিচর গ্রামের নুর আলমের ছেলে ও ফিরোজ আলম কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আশ্রাফ আলীর ছেলে।
 
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শোহায়েব জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে হারুনুর রশিদের ৬০ভাগ শরীর পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।