হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি ইজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদে কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার সকালে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, সিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার কুসুম দেওয়ানকে এ কমিটির প্রধান করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটি মুফতি ইজহারকে তার মাদ্রাসায় সংগঠিত বিভিন্ন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
শুক্রবার দুপুরে লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদরাসার অধ্যক্ষ। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
মুফতি ইজহার লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণ মামলার আসামি। তার পরিচালিত ওই মাদরাসার ছাত্রাবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বিস্ফোরণে তিনজন মারা যান। ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে, যার সব কটিতে ইজাহার ও তার ছেলে হারুনকে আসামি করা হয়। এসব মামলায় আটক হারুন বর্তমানে কারাগারে আছেন।
