ইত্তেফাক রিপোর্ট
দেশের পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির টেকসই ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ‘বাংলাদেশ ক্লিন এনার্জি সম্মেলন’ শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, উত্পাদন, অর্থায়ন এবং প্রযুক্তি কৌশল নিয়ে আলোচনা হবে।
সরকারি সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ সম্মেলনের আয়োজন করছে। এতে কর্মশালারও আয়োজন রয়েছে। পাশাপাশি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানির নানা পণ্য ও প্রকৌশল প্রদর্শিত হবে সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন সংস্থা-কোম্পানির স্টলে। গত রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ এবং বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমাদ কায়কাউস। সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি সংশ্লিষ্ট নীতিনির্ধারক, অর্থায়নকারী, উত্পাদনকারী প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৪০০ জন অংশগ্রহণ করবেন।
