অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ১২

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৫:৪৪
ফেনীতে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধের সময় সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ১২ জনকে আটক করা হয়।
 
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লালপুরে আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। 
 
পুলিশ-প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সকাল ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা মহাসড়কে বেপরোয়া গাড়ি ভাংচুর করে। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ ১২জনকে আটক করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।