জেলার বানিয়াচং উপজেলায় শচীন্দ্র ডিগ্রি কলেজে শনিবার সকাল ১১টায় সহপাঠীদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী খুন হয়েছে। ঘটনার পরই কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
নিহত সুমন (১৯) উপজেলার বিথঙ্গল ইসলামপুর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে। সে কলেজের পার্শ্ববর্তী আলমপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে গৃহশিক্ষক হিসেবে অবস্থান করে ওই কলেজে পড়াশোনা করতো।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার ওই কলেজে কয়েকজন ছাত্রের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার কলেজের মসজিদের সামনে কলেজের মানবিক বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সুমনকে কয়েকজন ছাত্র ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে কলেজের অপর ছাত্ররা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বানিয়াচং থানার ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
