টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। শনিবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াস্থ নাফ নদীর ১ নং সুইস গেইট এলাকার কেওড়া বাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, টেকনাফ নাফ নদীর ১ নং সুইস গেইট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসার সংবাদ পায় বিজিবি সদস্যরা। এ সংবাদের ভিত্তিতে সদর বিওপির কোম্পানি কমান্ডার আবুল কালামের নেতৃত্বে বিজিবি জওয়ানেরা সদর ইউনিয়নের নাজিরপাড়াস্থ ১নং সুইস গেইট এলাকায় অভিযান চালিয়ে কেওড়া বাগান থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
