শেরপুরে অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার নালিতাবাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে সকালে মো. আসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, আরাফাতের গলিত লাশ উদ্ধার করা হয়।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাতকে হত্যার কথা স্বীকার করেছেন।
আরাফাত গত ২ আগস্ট থেকে নিখোঁজ ছিল। সে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। গত ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে দুর্বৃত্তরা আরাফাতকে অপহরণ করে বলে আরাফাতের বাবা মামলার এজাহারে অভিযোগ করেন।
