আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর নির্মাণ কাজ বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২০:৩৬
মেঘনা নদীর উপর নির্মাণাধীন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর মালামাল সরবরাহের জন্য নির্মাণ করা গার্ডার ব্রিজের প্রায় ২০ মিটার ভেঙ্গে পড়েছে। ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
 
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মাণাধীন ঢাকা-চট্টগ্রাম রেল রুটের দ্বিতীয় রেল সেতুর জন্য নির্মিত গার্ডার ব্রিজে সিমেন্ট বোঝাই একটি জাহাজ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় জাহাজের চালক মো. মামুন খানকে আটক করেছে পুলিশ। আটক চালকের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি উপজেলায়। পাশাপাশি সিমেন্ট বোঝাই জাহাজটিকেও জব্দ করেছে পুলিশ।
 
এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে  ব্যবস্থা নেয়া হবে।