নাটোরের গুরুদাসপুর উপজেলায় ড. শহীদ সামসুজ্জোহা কলেজে বহিরাগত বখাতে কর্তৃক দ্বাদশ শ্রেণির তিন ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। এর প্রতিবাদ করায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সবুজকে লাঞ্ছিত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে কলেজের ছাত্রী মিলনায়তনের সামনে বহিরাগত পলাশ ওই তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে। ছাত্রীরা বিষয়টি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সবুজকে জানায়। সবুজ এর প্রতিবাদ করে ওই উত্যক্তকারীকে কলেজ থেকে বের করে দেয়।
এ ঘটনার জেরে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্যক্তকারী পলাশ ক্ষিপ্ত হয়ে তার অনুগামী ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে কলেজ ক্যাম্পাসে হামলা চালায়। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সবুজসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।
ওই ছাত্রীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কলেজের বহিরাগত বখাটে পলাশ ও তার সঙ্গীরা তাদের বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।।
সামসুজ্জোহা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কলেজে ঢুকে ছাত্রীদের উত্যক্তের ঘটনা দুঃখজনক। ক্যাম্পাসে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
