কক্সবাজারে শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসি

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২০:৩০
শিশু হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ সাদিকুর ইসলাম তালুকদার আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা।
 
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ জানিয়েছেন, ২০১২ সালের ৬ অগাস্ট সন্ধায় ডেইল গ্রামের নুরুল ইসলাম তার আপন চাচাতো বোন ইদ্রিস মিয়ার পাঁচ বছরের শিশু কন্যা সুমাইয়া আকতারকে ফুসলিয়ে তার বাড়ির পাশে নিয়ে যায়। এ সময় তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এতে সে চিৎকার দিলে তাকে নুরুল ইসলাম শ্বাসরোধ করে হত্যা করে এবং পাশের পুকুরে ফেলে দেয়। তিনদিন পর সুমাইয়ার লাশ ভেসে উঠলে নুরুল ইসলাম পালিয়ে যায়।
 
এদিনই সুমাইয়ার চাচা গিয়াস উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ কক্সবাজারের খুরুস্কুল এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ নুরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রদান করে। আদালত দীর্ঘ শুনানি ও জেরা শেষে দুপুরে এ আদেশ দেয়।
 
রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট মমতাজ আহমদ। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।