শেয়ারবাজার কেলেঙ্কারি: রকিবুর রহমানের জামিন মঞ্জুর

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৯:১০
 
১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারি মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমানের জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। একই মামলায় বুলবুল সিকিউরিটিজের কর্ণধার এ এস শহিদুল হক বুলবুলকেও জামিন দিয়েছেন আদালত। রবিবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবির তাদের জামিন মঞ্জুর করেন।
 
এ দিকে, প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির আরেক মামলায় সাত্তারুজ্জামান শামীমকে জামিন দিয়েছেন আদালত। রবিবার আসামীপক্ষ জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এ ছাড়া, পরবর্তী বিচার কার্যক্রমের জন্য ১৬ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০১০ সালের প্লেসমেন্ট কেলেঙ্কারির এই মামলার আসামি সাত্তারুজ্জামান শামীম, প্রয়াত নবীউল্লাহ নবী ও গ্রীণবাংলা কমিউনিকেশন।
 
এ দিকে, প্যারাগন লেদারের ভুয়া সার্টিফিকেট শেয়ারের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার মামলার কার্যক্রম পরিচালনার জন্য ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার বাদী ও বিবাদী কোনো পক্ষই মামলা পরিচালনা করার জন্য প্রস্তুত না থাকায় সময় বাড়ানোর অনুরোধ করা হয়। আদালত তা বিবেচনা করে জবানবন্দির জন্য ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করেন।
 
২০০১ সালের প্যারাগন লেদারের মামলা সূত্রে জানা যায়, কোম্পানিটির ১৭জন কর্মকর্তা ভুয়া সার্টিফিকেট শেয়ারের মাধ্যমে ব্যাংক থেকে প্রত্যেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নেয়।