দীর্ঘ অপেক্ষা ও দাবির মুখে রংপুরে চালু হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)। রবিবার সকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট মোঃ আবুল কাশেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট পিনাক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
পিনাক চক্রবর্তী বলেন, ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রংপুরে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার স্থাপনের কার্যক্রম শুরু করেছেন। এ লক্ষ্যে ইতিমধ্যে টেন্ডারের মাধ্যমে রংপুর নগরীর মাহিগঞ্জে স্থান নির্ধারনের পাশাপাশি জনবল নিয়োগের সব রকমের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সময়ের মধ্যে তা চালু করা হবে। ভারতীয় হাই কমিশনের অনুমোদিত প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রংপুর আইভিএসি’তে সকল ক্যাটাগরির ভিসার আবেদনপত্র গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোক্তার আহমেদ সরকার, পরিচালক পার্থ বোস, মোঃ এনামূল হক সোহেল, অজয় প্রসাদ বাবন, রামকৃষ্ণ সোমানী ও চেম্বারের সাবেক পরিচালক রবি সোমানী প্রমুখ।
