মতিঝিল আইডিয়ালে শোকের ছায়া, ভিকারুননিসায় উৎসব

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২০:৩৩

এইচএসসি পরীক্ষায় ২৫ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এবার শোকের ছায়া নেমেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এদিকে অানন্দে ভাসছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ফলাফলে দেশব্যাপী বিপর্যয়ের ছায়া স্পর্শ করেনি তাদের। ৯৩৩ জন শিক্ষার্থীর জিপিএ ৫ পাওয়া ও ৯৯.৪ শতাংশ পাশ হওয়ায় বেশ উচ্ছ্বসিত তারা।

ভিকারুননিসায় এবার বিজ্ঞানে ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩৩ জন, ব্যবসায় শিক্ষায় ২৯২ জনের মধ্যে ৭৬ জন ও মানবিকে ১৬৯ জনের মধ্যে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিকে ৪ জন ও বিজ্ঞানে ২ জন শিক্ষার্থী ফেল করেছে প্রতিষ্ঠানটির। অন্যদিকে, মতিঝিল আইডিয়ালে ১০৮৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬২৪ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩০৪ ও মানবিক বিভাগ থেকে ১৫৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

প্রকাশিত ফল অনুযায়ী, ৬২৪ জন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর মধ্যে দু’জন অকৃতকার্য হয়েছে। ১৫৬ জন মানবিক বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ২০ জন ও ৩০৪ জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছে।

ফলাফলের ব্যাপারে ভিকারুননিসার অধ্যক্ষ সুফিয়া বেগম জানান, খুবই ভাল লাগছে ফলাফলে। আমরা সন্তুষ্ট। আসলে ভাল ফলাফলের পিছনে ৩ দিকের সমন্বয় লাগে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত চেষ্টায় ফলাফল ভাল হয়েছে।

এদিকে, ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মতিঝিল আইডিয়াল কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম খান জানান, এবার ফল একটু খারাপ হয়েছে। প্রতিবছরই দুই একজন অংশ নেয় না। কিন্তু এবার কেন এমন খারাপ ফল হল সেটা খতিয়ে দেখা হবে।