বগুড়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২০:৩১
বগুড়া সদর উপজেলায় কলেজ ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত সঞ্জিব (২১) নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজ সংলগ্ন কামারগাড়ি এলাকায় একটি ছাত্রাবাসে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।
 
রবিবার পুলিশ শহরের অদূরে পালশা এলাকায় রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনের নিচে একটি খালের পাশে হাত-পা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশের মাথা থেলতে যাওয়ার চিহ্ণ রয়েছে।
 
সঞ্জিবের সহপাঠীরা জানায়, শেরপুর উপজেলার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পক ছিল। শনিবার বিকেল পর্যন্ত ওই মেয়ের সঙ্গেই কলেজ ক্যাম্পাসে সঞ্জিব ঘুরাফেরা করেছেন। এরপর আর ছাত্রাবাসে ফিরে যায়নি।
 
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার হাত-পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার হত্যার পর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে প্রমাণ করতে লাশ রেল লাইনের উপরও ফেলে যেতে পারে ঘাতকরা। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।’