মুক্তমনাদের সীমালঙ্ঘন না করার আহ্বান আইজিপির

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২৩:১৬
 
ব্লগারদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ‘এমন কিছু লেখা উচিত্ না, যা মানুষের অনুভূতিতে আঘাত করে। তাই এক্ষেত্রে মুক্তমনাদের সীমালঙ্ঘন না করার জন্য আহ্বান করছি। আর যারা ইসলামের নামে হত্যার মতো জঘন্য কাজ করেন তাদেরকে বলছি, যারা ধর্ম নিয়ে কিছু বলে থাকে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তাদেরকে হত্যা না করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করবেন।’
 
রবিবার বিকেলে পুলিশ সদর দফতরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
এ সময় আইসিটি আইনের ৫৭ ধারার উল্লেখ করে, ইসলামের জন্য হত্যা না করে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন আইজিপি।