চট্টগ্রামে অনুমতিহীন ভবন নির্মাণ বন্ধে সিডিএ’র অভিযান

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:০৯

জরিমানা ও নোটিস জারি

 চট্টগ্রাম অফিস

নগরীর তামাকুমন্ডি লেইন এলাকায় অনুমোদনহীন একটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

গত সোমবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন নির্মাণের সাথে জড়িত মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সিডিএ’র অথরাইজড অফিসার মোহাম্মদ শামিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সিডিএ সূত্র জানায়, ভবনটি নির্মাণের জন্য ভিত্তি খোঁড়া হয়েছিলো; কিন্তু তারা এসব কাজের জন্য কোনো ধরনের অনুমোদনই নেয়নি। অভিযানে হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের নামেও নোটিস জারি করা হয়েছে রাস্তার জন্য ছাড়কৃত জায়গা জনতা মার্কেট থেকে উদ্ধার এবং মালিক থেকে অঙ্গীকারনামা গ্রহণ, তামাকুমন্ডি লেইনের মুখে রাস্তার জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। অপরদিকে, চেরাগী পাহাড় মোড়ে লিয়া প্রপার্টিজের আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অবৈধ অংশ ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ ও ৫ লাখ টাকা জরিমানা এবং জামালখান এলাকায় ইমপ্রেস হোল্ডিংসের মালিকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।