কুমিল্লা প্রতিনিধি
সচল করা হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন/নাইট্রাস পাইপ লাইন। হাসপাতাল ক্যাম্পাসে একটি নতুন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অসতর্কতায় গত ২৩ জানুয়ারি ওই পাইপ লাইনটি ভেঙে বিকল হয়ে ৪২ দিন ধরে ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবার লাইনটি সচল করার কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে অক্সিজেনের পাইপ লাইন বিকল থাকায় ওই হাসপাতালের সার্জারি, কার্ডিওলজি ও মেডিসিনসহ অন্যান্য বিভাগের রোগীদের চিকিত্সায় সংশ্লিষ্ট চিকিত্সকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পাইপ লাইনটি মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগ ও অক্সিজেন সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার চিঠি দেয়। এতে গত কয়েকদিন ধরে চেষ্টার পর লাইনটির মেরামত কাজ সম্পন্ন করা হলে ৪২ দিন পর মঙ্গলবার থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ শুরু হয়েছে।
