শিশু রাকিব (১২) হত্যা মামলার প্রধান আসামি শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু খানকে আজ সোমবার আদালতে হাজির করা হবে। গতকাল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে খুলনা সদর থানা পুলিশ। গণপিটুনির শিকার শরীফ ও মিন্টু প্রিজন সেলে চিকিত্সাধীন ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, দুপুরে চিকিত্সকের ছাড়পত্রের পর তাদের থানা হেফাজতে নেয়া হয়েছে। সোমবার আদালতে পাঠানো হবে। তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। গত শুক্রবার বিউটি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
