‌'মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশি ফিরছেন আজ'

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৩:১০
মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে। দুই দফা পেছানোর পর আজ সোমবার তার ফিরছেন। এসব বাংলাদেশি অবৈধভাবে বিদেশ যেতে সাগরপথে যাত্রা করে মিয়ানমারে আটক হয়েছিলেন।
 
কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।
 
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনকে দেশে ফেরত আনতে আইওএমর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের এই পতাকা বৈঠকের কথা রয়েছে।
 
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। তাদের মধ্যে তিন দফায় দেশে ফেরত আনা হয়েছে ৩৪২ জনকে। চতুর্থ দফায় এই ১৫৯ জনকে সোমবার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।
 
উল্লেখ্যে, মিয়ানমারে ঘূর্ণিঝড় পরবর্তী সৃষ্ট বন্যার কারণে গত ৪ অগাস্ট এই বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছিল বলে গণমাধ্যমে জানানো হয়েছিল।