রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউপিতে গোপালপুর গ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ আ. রব (২৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার দিবাগত মধ্যরাতে ওই ‘বন্দুকযুদ্ধ’ এর ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শটগান, দুইটি কার্তু ও একটি কার্তুজের খোসা পুলিশ উদ্ধার করে। নিহত আ. রব (২৮) উপজেলার কলিমহর ইউপির ফলিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পাংশা থানার উপ-পরিদর্শক আবু সায়েম বলেন, রবিবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত আব্দুর রবকে প্রথমে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী রাত ১টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউপিতে গোপালপুর গ্রামের মো. মুন্নাফ খানের বাঁশবাগানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি বর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি করে। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। আব্দুর রব পালিয়ে যাবার চেষ্টাকালে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত ডাকাত আব্দুর রবকে চিকিৎসার জন্য প্রথমে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এরপর তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫ টার দিকে মারা যান।
ডাকাত আব্দুর রবের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে।
