মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগ পরিচয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে শিশু ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামি মিল্টন, ফরিদ ও রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ ৯জন আসামিকে গ্রেফতার করে।
রবিবার রাত ১০টার দিকে পুলিশ সদর উপজেলার আলমখালী নামকস্থান থেকে মিল্টন ও ফরিদকে গ্রেফতার করে। মিল্টন ১২নং এবং ফরিদ ৬নং আসামি। অপরদিকে ১৩নং আসামি রিপনকে সোমবার সকাল ১০টার দিকে শালিখার কাদিরপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার একে এম এহসান উল্লাহ জানান, আসামি মিল্টন ও ফরিদ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় পালিয়ে যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলমখালী নামকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় আব্দুল মোমিন নামে একজন নিহত হন। এবং একই সঙ্গে মাতৃগর্ভে শিশু ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ৮জনকে গ্রেফতার করেছে। অন্যরা পলাতক রয়েছে। নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
