পিরোজপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৬:৫৭
 
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএম এ আউয়ালের বিরুদ্ধে সংখ্যালঘুদের সম্পতি দখলের অভিযোগ উত্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
 
রবিবার বিকালে কাউখালী থানা সংলগ্ন মুজিব চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। মানববন্ধন শেষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতারা স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘আউয়াল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন সফল রাজনীতিক। তার নেতৃত্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পিরোজপুরের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সুকৌশলে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসত্ উদ্দেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদকে ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনয়ন করেছেন।’’
 
এর আগে ৬ আগস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘পিরোজপুরের সাংসদ এ.কে.এম.এ আউয়ালের বিরুদ্ধে স্বরুপকাঠীতে এক ব্যবসায়ীর দোকান দখলের অপপ্রয়াস চালানোর অভিযোগ উঠেছে।’
 
পরে রানা দাসগুপ্তের ওই অভিযোগের প্রতিবাদে রবিবার বিকালে কাউখালী থানা সংলগ্ন মুজিব চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধ সহস্রাধিক লোক অংশ নেন। এ মানববন্ধনে কাউখালীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দ্র শেখর দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংখ্যালঘু অধিকার সুরক্ষা ফোরামের আহবায়ক সুব্রত রায়, শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রীমত্ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পরিতোষ সমদ্দার, সাধারণ সম্পাদক জোতির্ময় চক্রবর্ত্তী রতন, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, মদন মোহন জিউ আখড়াবাড়ী কমিটির সাধারণ সম্পাদক শংকর লাল বসু, যুগ্ম সম্পাদক চন্দন কুমার দে, অবধূত আশ্রমের সভাপতি পরিতোষ কর্মকার, মতুয়া আশ্রমের সভাপতি সুশীল চন্দ্র হাওলাদার, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা মহা্শ্মশ্বান কমিটির সভাপতি দয়াল কর্মকার, পূজা উদযাপন পরিষদের নেতা সুনীল চন্দ্র কুন্ডু প্রমুখ।