হবিগঞ্জে ডোবা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পাঁচ মাস বয়সী শিশু সন্তানসহ ওই গৃহবধূর স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।
সোমবার দুপুরে পুলিশ শহরতলীর নারায়নপুর থেকে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার অ্যাডভোকেট আশিকুর রহমানের ভাড়া বাড়িতে ভাঙ্গারি ব্যবসায়ী লাল মিয়া স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। সর্বশেষ শনিবার আশপাশের বাড়ির বাসিন্দারা তার স্ত্রী ডলি আক্তারকে (১৮) দেখতে পান। রবিবার থেকে ওই বাড়িতে কারও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। সোমবার স্থানীয়রা বাড়ির পাশের একটি ডুবায় ডলির ভাসমান লাশ দেখতে পান। এ সময় ওই বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাৎক্ষণিক তারা সদর থানায় জানালে পুলিশ দুপুর দুইটায় লাশ উদ্ধার করে।
সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, ‘ডোবাটিতে মাত্র হাটু পানি। সে হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই লাশ ফেলে রাখা হয়েছে।’
