কসবায় পৃথক বজ্রপাত: ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৮:২০
জেলার কসবা উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত শিশুসহ চারজন উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারা বাজার গ্রামের কৃষক সুজন মিয়া (৫২) ও গফুর মিয়া (৫০)।
 
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা প্রশাসকের জরুরি ত্রাণ তহবিল থেকে নিহত প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের বাদল মিয়ার জমিতে চারজন শ্রমিক ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয় ও দুইজন আহত হন। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করিয়েছে।
 
অন্যদিকে উপজেলার টিঘরিয়া গ্রামে বজ্রপাতে বাবা ও শিশু ছেলে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।