জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ভটভটি (স্যালো ইঞ্জিনযুক্ত ভ্যানগাড়ি) নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার পাঁচবিবির নান্দাস নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মস্তোফা কামাল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সোমবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি হতে যাত্রী নিয়ে একটি ভটভটি ডুগডুগি বাজারে যাচ্ছিল। এ সময় নান্দাস নামক স্থানে চালক নিয়ন্ত্রন হারালে ভটভটিটি পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় ভটভটির ইঞ্জিনের গরম পানি ও মবিল ছিটকে পড়ে ভটভটি চালক এনামুল হকের পুরো দেহ ও পান্না বেগম নামে এক নারীর শরীর ঝলসে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, এনামুল ও পান্না বেগমের অবস্থা আশংকাজনক। আহত অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
