জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে আদেশ ৩০ আগস্ট

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ০১:০৯

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ আগস্ট এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। অবশ্য রবিবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সোমবার এ বিষয়ে উভয়পক্ষের শুনানি হয়।

 
প্রসঙ্গত, গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ জুলাই এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তাঁরা বলেন, ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে মন্তব্য করেন। এরপর ১২ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল।
 

এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার সাজা এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ওই দিনই জাফরুল্লাহ এজলাসে সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। এরপর আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৮ জুলাই তাঁর সাজা বাতিল করেন আপিল বিভাগ।