মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলা ব্যবসায়ী ওহিদুজ্জামান (৩৫) ও আব্দুল আলীম (২৬)। তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বলে জানা গেছে।
আহত দুইজনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদী ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে কলাবোঝাই একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও আব্দুল আলীম মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
