কালিয়াকৈরে অপহরণের ২ দিন পর কারখানা ম্যানেজারের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১০:৩৪


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডিভাইন ফ্যাব্রিক্স কারখানার সামনে থেকে অপহরণের দু’দিন পর ঐ কারখানার প্রডাকশন ম্যানেজার মাসুম মিয়ার (৩৮) লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকালে সফিপুর আনসার ভিডিপি একাডেমীর সামনের লেকের পানি থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

ঐ কারখানার প্রধান হিসাব-কর্মকর্তা আবুল কালাম আযাদ জানান, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল­ীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ডিভাইন ফ্রেব্রিক্স কারখানার অলওভার প্রিন্ট শাখার প্রডাকশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুম মিয়া। তিনি রবিবার রাত ১০টার দিকে কাজ শেষে কারখানা থেকে বের হয়ে পল্লীবিদ্যুৎ বাসস্টান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
 
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে লেকে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।পরে কারখানার শ্রমিকরা লাশ দেখে তার পরিচয় সনাক্ত করে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে।