সৌদীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার হুমায়ূন নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ০০:৫৫

সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় ফের বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বাংলাদেশী হুমায়ূন কবির (৩০) কুমিল্লার বুড়িচং উপজেলার ভাদুয়াপাড়া গ্রামের আমির হোসেনরে ছেলে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদী আরবের তায়েফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নিকটাত্মীয় আকতার হোসেন জানান, প্রায় ১৪ বছর আগে শ্রমিক হিসেবে সৌদী গমন করেন হুমায়ূন। এর মধ্যে প্রায় ৪-৫ বার দেশে ছুটি কাটিয়ে গত ১১ মাস পূর্বে আবারও কর্মের উদ্দেশ্যে সৌদীতে গমন করেন। সেখানে তিনি কাপড়ের ব্যবসা করতেন।
সোমবার সৌদী আরব সময় সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে প্রাইভেটকার যোগে যাতায়াত করার সময় গাড়ির চাকা বিকল হয়ে দ্রুতগতি সম্পন্ন প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই হুমায়ূন কবির এর মৃত্যু হয়। এসময় আরও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া না গেলেও তাদের বাড়ি একই ইউনিয়নের বলে জানা গেছে। 
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই দুই বোনের মধ্যে হুমায়ূন কবির তৃতীয়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তবে সৌদীতে কাগজপত্রের জটিলতায় নিহতের মরদেহ কবে কখন দেশে পৌঁছবে তা নিশ্চিত ভাবে বলতে পারছে না নিহতের স্বজনরা।

এদিকে নিহতের স্ত্রীর বড় ভাই মাহাবুবুল হাসান সোমবার রাত ৩টায় হুমায়ূন কবির এর মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।