ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:২৮

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তবে নতুন করে কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কিডনি ও সংক্রমণের সমস্যা নিয়ন্ত্রণ করে তার বাইপাস সার্জারি করার কথা ভাববেন মাউন্ট এলিজাবেথের চিকিত্সকরা।

ওবায়দুল কাদেরের সঙ্গে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরকে সোমবার রাতে সিঙ্গাপুরে আনার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড করা হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হূদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে ওই মেডিক্যাল বোর্ডে আছেন পাঁচজন চিকিত্সক। ওই মেডিক্যাল বোর্ড ওবায়দুল কাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে মঙ্গলবার সকালে তাদের মতামত জানান। তারা বলেন, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে যথাযথ চিকিত্সা দেওয়া হয়েছে। কাদেরের অবস্থা এখন স্থিতিশীল আছে। রক্তচাপসহ সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কিডনিতে কিছু জটিলতা ও সংক্রমণ রয়ে গেছে। সংক্রমণ সারিয়ে তোলা গেলে এক সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি সম্ভব বলে জানান তারা। ওবায়দুল কাদেরের চিকিত্সার হালনাগাদ বিষয়াদি হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড। পরে তাদের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিত্সার আপডেট গণমাধ্যমকে জানান ডা. আবু নাসের রিজভী। এ সময় অন্যান্যের মধ্যে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী এমপি, নিজাম হাজারী এমপি, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন। ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা নিয়ে আজ বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন। ওবায়দুল কাদেরের মেডিক্যাল বোর্ডে রয়েছেন কার্ডিওলোজিস্ট ডা. কোহে ফিলিপ, কার্ডিওথোরাসিক সার্জন ডা. শ্রীবাস্তব কুমার স্বামী, ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. অশোক কুমার, একজন কিডনি বিশেষজ্ঞ এবং একজন আইসিইউ বিশেষজ্ঞ। এ পাঁচজন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন ডা. আবু নাসের রিজভী।

রবিবার ভোরে হঠাত্ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ওবায়দুল কাদেরের। এরপর তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিত্সকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার তাকে দেখতে বাংলাদেশে আসেন ভারতের স্বনামধন্য হূদ?রোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার পরামের্শ ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

কাদেরের জন্য মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে ৮ মার্চ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আপাতত ডায়ালাইসিস লাগবে না: কাদেরের স্ত্রী

এদিকে ওবায়দুল কাদেরের আপাতত কিডনি ডায়ালাইসিস লাগবে না বলে জানিয়েছেন তার স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে কথা বলার পর তিনি এ তথ্য জানান। বেগম ইসরাতুন্নেসা কাদের বলেন, তার অবস্থা স্থিতিশীল আছে। ধাপে ধাপে উন্নতি হচ্ছে। তার কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়লেও আপাতত ডায়ালাইসিস লাগবে না। ৪-৫ দিনের মধ্যে ভালো হয়ে যাবেন বলে আশা করছেন ডাক্তাররা। এটা ঠিক হয়ে গেলে তারা হার্টের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিতে পারেন। ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ইসরাতুন্নেসা কাদের।