অনলাইনে জনপ্রিয় হচ্ছে বুটিক ব্যবসা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৩৫

একটা সময় ছিল বুটিকস ব্যবসায়ীদের শোরুমের উপর নির্ভর করতে হতো। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে ব্যবসার ধরনে। বুটিকস হাউজগুলো এখন শোরুমের চেয়ে বেশি নির্ভর করছে অনলাইন মার্কেটিংয়ের ওপর। অনেক বুটিকস হাউজের ব্যবসায়িক সফলতা এসেছে মূলত অনলাইনের হাত ধরে। নিজেদের ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইটে তৈরি পণ্যের ছবি তুলে ধরেন। পাশাপাশি পণ্যের বর্ণনা এবং দামও উল্লেখ করেন। এরপর ক্রেতা পণ্য পছন্দ হলে অনলাইনের মাধ্যমে দাম পরিশোধ করে ঘরে বসেই হাতে পান পণ্যটি। কোনো রকম ঝক্কি-ঝামেলা না থাকায় ক্রেতাদের কাছেও এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

অনলাইনের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে বুটিকস হাউজগুলোর বাড়তি সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে চাইলে কোনো ধরনের শোরুম ছাড়াই ব্যবসা করতে পারেন অনেক নারী উদ্যোক্তা। আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে কোনো বুটিকস হাউজের শোরুম থাকার পরও তারা বেশি গুরুত্ব দেন অনলাইন ভিত্তিক ব্যবসার ওপর। 

বুটিকস হাউজ ‘পসরা’র প্রতিষ্ঠাতা রোজা অভি বলেন, যদিও অনলাইন ব্যবসা বা ই-কমার্সের ধারণাটি আমাদের দেশে খুব বেশি দিনের নয়। তারপরেও যুগের সঙ্গে তাল মেলাতে অনলাইনের মাধ্যমে কেনাকাটার প্রতি মানুষের ঝোঁক দিন দিন বাড়ছে। দেশে অনলাইনে ব্যবসা চালু হওয়ায় অনেক ক্ষেত্রেই মানুষকে কষ্ট করে মার্কেটে যেতে হচ্ছে না। বরং ক্রেতা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তার পছন্দের জিনিসটি অর্ডার দিয়ে দ্রুত সময়ের মধ্যে কিনতে পারছেন। আবার এক্ষেত্রে বিল পরিশোধও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারছেন। ফলে কোনো ঝামেলা না থাকায় অনলাইন ব্যবসা মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও সহজ করে তুলছে। তিনি বলেন, আমার ‘পসরা’র দু’টো শোরুম আছে, কিন্তু সেটা কেবল নামমাত্র। কেনাকাটার সিংহভাগই হয় অনলাইনভিক্তিক।

বুটিকস হাউজ ‘তাঁত ও তাঁতী’র কর্ণধার ইশরাত জাহান তাতিয়া বলেন, এ ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রেতার বিশ্বস্ততা অর্জন করা, যা অনেকটাই কঠিন। তবে একবার বিশ্বস্ততা অর্জন করলে পরবর্তীতে সমস্যা হয় না।

বুটিকস হাউজ ‘হুর নুসরাত’এর প্রতিষ্ঠাতা নুসরাত আক্তার লাপা বলেন, বাংলাদেশে দ্রুত গতিতে এগিয়ে চলছে ই-কমার্স। বিশেষ করে আজকের দুনিয়ায় যেকোনো নারী চাইলে ঘরে বসেই অনায়াসেই হতে পারেন সফল উদ্যোক্তা। যদি দৃঢ় প্রতিজ্ঞা আর চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকে।

অসংখ্য নারী ইতোমধ্যে অনলাইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে অন্যান্য সাধারণ ব্যবসার মতো এ ব্যবসাতেও সফলতা লাভ করছেন। দেশে ও দেশের বাইরে সমান তালে পণ্য সরবরাহ করে চলছেন এই বুটিক হাউজগুলো।