বাংলাদেশে ব্লগারদের সেলফ সেন্সরশিপে উদ্বুদ্ধ না করে বাক স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাক স্বাধীনতায় হস্তক্ষেপকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। গতকাল বুধবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়ের মৃত্যু আবারো মনে করিয়ে দিচ্ছে যে, সবার নিরাপত্তা রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সংগঠনটির এশীয় অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, এটা খুবই হতাশাজনক। বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তার হুমকি থাকা সত্ত্বেও ব্লগারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, উল্টো তাদের লেখালেখিতে সেল্ফ সেন্সরশিপ বা আত্ম-নিয়ন্ত্রণের প্রস্তাব দিচ্ছে। তিনি আরো বলেন, সরকারের মনে রাখা উচিত ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি সংবিধান সমুন্নত রাখা এবং মানুষের জীবনের নিরাপত্তা দেয়াও তাদের দায়িত্ব। বাংলাদেশে এবছর এ পর্যন্ত চার জন ব্লগারের হত্যার ঘটনা ঘটেছে।
