টিআইবি একচোখা হলে চলবে না ----------দুদক চেয়ারম্যান

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৩৭

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের কার্যক্রম নিয়ে টিআইবি’র সমালোচনাকে দুদক সবসময় সাধুবাদ জানায়। তবে দুদক বা অন্য কোনো সংস্থার সমালোচনা করতে হলে তাদেরকে দেশের সমসাময়িক বাস্তবতা, পরিস্থিতি এবং সংস্কৃতিকে অনুধাবন করতে হবে। তাদের একচোখা হলে চলবে না, দু’চোখা হতে হবে। গতকাল মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে টিআইবি’র চলমান কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যত্ কর্মকৌশল নিরুপণ প্রক্রিয়ার অংশ হিসেবে উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি, সুইডিশ ও ড্যানিশ দূতাবাসের সহায়তায় জেনেভা-ভিত্তিক নীতি ও কৌশল বিশেষজ্ঞ ম্যাথিয়াস বসের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ম্যাথিয়াস বস দুদক চেয়ারম্যানের নিকট টিআইবির কার্যক্রম, টিআইবি সম্পর্কে এদেশের জনগণের ধারণা সম্পর্কে সুচিন্তিত মতামত, সমালোচনা এবং পরামর্শ জানতে চান। জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, জনগণের মাঝে টিআইবি’র ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। তবে এর কিছু সমালোচনাও শোনা যায়। টিআইবি দেশের শাসন প্রক্রিয়া তথা সরকার বা সরকারি সংস্থার যে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতিতেই উচ্চকণ্ঠ থাকে। তিনি বলেন, শুধু সম্যসা বা ত্রুটি তুলে ধরা টিআইবির কাজ হতে পারে না বরং এসব সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়ার সুযোগ তাদের রয়েছে। সমস্যা শনাক্তকরণের পাশাপাশি এর কারণ এবং তা থেকে উত্তরণের উপায় বের করা এ জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হওয়া উচিত। টিআইবির গবেষণা নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, টিআইবির গবেষণার মেথডোলোজি স্বচ্ছ হতে হবে। তাদের উচিত প্রাথমিক ডাটা (প্রাইমারি ডাটা) ব্যবহার করা।