খালেদা জিয়া ষড়যন্ত্র করতেই লন্ডন যাচ্ছেন: মায়া

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৫:৩৮
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এই কথা বলেন।
 
ত্রাণমন্ত্রী বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন। সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে লন্ডনে তার ছেলে তারেক রহমানের কাছে যাচ্ছেন তিনি।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বুধবার ২০ দলের বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি জামায়াতের সঙ্গ ছাড়তে পারবেন না। তাই এই স্বাধীনতা বিরোধীদের সকল অপরাধের দায়-দায়িত্ব তাকেই নিতে হবে। বাংলাদেশে জামায়াতের কোনো স্থান নেই।
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে বিএনপিকে রাজনীতিতে সোজাপথে না বাঁকা পথে হাঁটাবেন সেটাই দেখার বিষয়। নেতিবাচক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
 
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি সফল করতেই এ সভার আয়োজন করা হয়। ঢাকা মহনগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, এমপি আওলাদ হোসেন, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।