ভারত ও তুরস্কের জিএসপি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৪৩

যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের উপর দেওয়া জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা) বা শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করতে চান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার কংগ্রেসকে লেখা এক চিঠিতে ভারতকে দেওয়া এ সুবিধা প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন। ভারতের বাজারে মার্কিন পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিতে দিল্লি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় থাকা তুরস্কের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর যুক্তি হিসেবে বলা হচ্ছে, তুরস্ক অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ায় শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাওয়ার যোগ্যতা এখন আর দেশটির নেই। এটি কার্যকর হলে তুরস্ককেও দেশটির বাজারে শুল্ক পরিশোধ করে প্রবেশ করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখন ভারত ও তুরস্ককে এ বিষয়ে নোটিস দেবে। তারপর দুই মাসের মধ্যে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানের ভারতের রপ্তানিকৃত ৫৬০ কোটি ডলারের পণ্য জিএসপি সুবিধা পায়। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার করলে এসব পণ্যের উপর নির্দিষ্ট হারে শুল্ক পরিশোধ করে প্রবেশ করতে হবে দেশটির বাজারে।

উন্নয়নশীল দেশগুলোকে ইউরোপ ও আমেরিকা এ সুবিধা দিয়ে থাকে। যদিও বেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা পায় না বাংলাদেশ। ২০১৩ সাল পর্যন্ত মোট রপ্তানির ১ শতাংশের মতো পণ্য এ সুবিধা পেলেও রানা প্লাজা দুর্ঘটনার পর এ সুবিধাও স্থগিত করে দেয় তত্কালীন ওবামা প্রশাসন, যা এখনো ফেরত পায়নি বাংলাদেশ।