মানিকগঞ্জে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:৪৭
মানিকগঞ্জ জেলার দৌলতপুরে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মোল্লাকে (৪০) গ্রেফতার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মান্দারতা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল উপজেলার চকমিরপুর গ্রামের আকবর মোল্লার ছেলে। 
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, তিন বছর আগে দৌলতপুরের স্কুল শিক্ষক তুহিন মাস্টার ও মানিকগঞ্জের জনৈক ব্যবসায়ী কবীর হোসেন তার বিরুদ্ধে দু’টি প্রতারণা মামলা দায়ের করেন।
 
মামলায় আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ২ বছর ও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর থেকেই জুয়েল পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করা হয়।