সাভারে ৬ শতাধিক বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে সাভারের হেমায়েতপুর আলমনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৪০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন ডেবখন্ডা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অহেদুল ইসলাম (২৮) ও একই এলাকার মাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (২৬)। তারা দু’জনই হেমায়েতপুর হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপ্লব হোসেন ওরফে রুবেল নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশের বিশেষ একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ঐ ফেনসিডিল উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এর সঙ্গে আরো কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
