শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০০:৩১

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেলিনা আক্তার নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আগুনে বাড়ির ৪টি ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার পৌর এলাকার গিলারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন জুয়েল মিয়া জানান, সেলিনা দুই সন্তানের জননী। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামের নুরুল হকের কন্যা। তিনি তার সন্তানসহ ঐ গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার রান্নার প্রস্তুতি নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এতে চারটি টিনশেড ঘর ভস্মীভূত হয়। এ সময় অন্যান্য লোকজন ঘর হতে বের হয়ে আসতে পারলেও সেলিনা বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পাইপে লিকেজ থাকায় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জে সিলিন্ডার

বিক্রেতাকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিংগাইর উপজেলার ‘মেসার্স সেলিম গ্যাস সেন্টারকে’ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। গ্যাস সিলিন্ডার বাইরে রৌদ্রে রাখা, বিস্ফোরক ও ফায়ার সার্ভিস লাইসেন্স না থাকা ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক সরঞ্জাম না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।