গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ১১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার রাত ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জের মোঃ আলমগীর, ময়মনসিংহ সদরের মোঃ আব্দুল হালিম, গাজীপুরের কাপাসিয়া মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ অরুন মিয়া, শেরপুরের মোঃ সেন্টু মিয়া, টঙ্গীর মুরকুনের মোঃ আলমগীর, নরসিংদীর মোঃ রফিক, টঙ্গীর এরশাদনগর এলাকার মোঃ শাকিল, ময়মনসিংহের নান্দাইলের মোঃ নুর আলম, মুন্সিগঞ্জের মোঃ বাদশা, টাঙ্গাইলের মোঃ বিশাল খান। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ধারালো ছোরা, দুইটি চাপাতি, একটি ছিনতাইকৃত ট্যাব, বারটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করে তাদের নিকট থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য ১১ সদস্যকে গ্রেফতার করে।
