গাজীপুর প্রতিনিধি
গাজীপুর শহরের একটি ইলেক্ট্রনিক্স পণ্যের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে শহরের প্রধান সড়কের আকন্দ ম্যানশনের রাজু এন্টারপ্রাইজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা তার। শোরুমের মালিক মো. আশরাফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলা ও ইলেকট্রিক মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
