ভারতের দ্বিতীয় ইনিংসে নিজের কিছু পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন শ্রীলংকা স্পিনার রঙ্গনা হেরাথ।
নিজের অন্যতম সেরা বোলিং পারফরমেন্স করে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শুক্রবার গলের প্রথম টেস্টে শ্রীলংকাকে নাটকীয় জয় এনে দেন বিশ্ব তারকা এ স্পিনার। মাত্র ৪৮ রানের খরচায় হেরাথের সাত উইকেট শিকারের ফলে দ্বিতীয় ইনিংসে ভারত ১১২ রানেই গুটিয়ে গেলে ৬৩ রানের জয় পায় স্বাগতিক লংকা।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে ৫০ ওভারের এক বল বাকি থাকতেই ভারত নিজেদের সর্ব নিম্ন ১১২ রানে অল আউট হলে তিন টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দ্বীপ রাষ্ট্রটি। নিজের পারফরমেন্সে উচ্ছ্বসিত হেরাথ ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সাফল্যের মূলে ছিল সঠিক লেন্থে বোলিং করা।’
তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমার কিছু পরিকল্পনা ছিল। আমি যা করেছি তা হলো সঠিক স্থানে বোলিং করেছি। প্রথম ইনিংসে আমি ভাল বোলিং করিনি। তাই দলের স্পিন কোচ ও প্রধান কোচ মারভান আতাপাত্তু বলেছিলেন আমাকে কিছু পরিবর্তন আনতে হবে।’
