ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তির পাশে গুলশান লেকে ডুবে যাওয়া শিশুটির সন্ধান গতকাল মঙ্গলবারও মেলেনি। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই শিশু গুলশান লেকে পড়ে গিয়ে ডুবে যায়। ডুবে যাওয়া ওই শিশুর নাম সোহাগ। বয়স আনুমানিক ১০-১২ বছর হবে। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। সোহাগ ভাঙারি কুড়িয়ে বেড়ায়, নেশাও করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান স্থগিত করেছে। বুধবার (আজ) সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। বনানী থানার এএসআই আফজাল হোসেন জানান, গত সোমবার রাত ১০টার দিকে লেকের পাড়ে অন্ধকারে বসে ছিল কয়েকজন কিশোর। বস্তিবাসীদের একজন ‘কে রে ওখানে’ বলে চিত্কার দিলে তারা দৌড় দেয়। তাদের মধ্যে সোহাগ পানিতে লাফ দেয়। এরপর থেকে সে নিখোঁজ। স্থানীয়রা জানান, সোমবার রাতে শিশুটি বনানীর আনসার ক্যাম্পের পাশের অংশের লেকে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।
