যশোরে যুবকের, অভয়নগরে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২৩:৩৬

যশোরে সদর ও অভয়নগর উপজেলা থেকে গতকাল শনিবার ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন যুবক এবং অপরজন নারী। আজ রবিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাশ দুটির ময়না তদন্ত হবে।  যশোর সদর উপজেলার কেসমত নওয়াপাড়া গ্রামে গতকাল বিকালে একটি পুকুরের পাশ থেকে সোহাগ (২১) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। হাসান নামে এক যুবককে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এই লাশ উদ্ধার করে বলে যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান। নিহত সোহাগের বাড়ি শেখহাটি এলাকায়।

 

এদিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌবাজারের পাশে পুকুরপাড় থেকে গতকাল বিকালে পুলিশ এক নারীর লাশ উদ্ধার করে। মৃত মাসুরা বেগম মাসু (৪৯) অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মোন্তাজ গাজীর মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২ আগস্ট সন্ধ্যায় নওয়াপাড়ায় তার বোন শাহিনা বেগমের বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার সকালে এলাকাবাসী নওয়াপাড়া বৌবাজারের পাশে বিষ্ণু ভদ্রর পুকুরপাড়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।