কলকাতা প্রতিনিধি
মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা ‘বড়মা’ বীণাপাণি দেবী প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে তার জীবনাবসান হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ বড়মার দেহ নিয়ে যাওয়া হবে ঠাকুরনগরে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে মমতা জানিয়েছেন।
কিছুদিন আগেই অসুস্থ বড়মাকে দেখতে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধেয় সংকটাপন্ন বড়মাকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল।
‘বড়মা’ বীণাপাণি দেবী জন্ম বাংলাদেশের ফরিদপুরে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ফরিদপুরেই নমশুদ্র সম্প্রদায়ের মানুষদের নিয়ে মতুয়া সম্প্র্রদায় গড়ে তুলেছিলেন হরিচাঁদ ঠাকুর। সেই বংশেরই বউমা বড়মা। তার স্বামী প্রমথরঞ্জন ঠাকুর জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন।
