খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিক্যালে নেওয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০০:৩৮

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হবে। মেডিক্যাল বোর্ড যখন যা বলবে, যেভাবে বলবে সেভাবেই খালেদা জিয়ার চিকিত্সার ব্যবস্থা করা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত ও সুচিকিত্সার জন্য একটি চিঠি দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়ার চিকিত্সার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তারা আমার কাছে একটি চিঠি হস্তান্তর করেছে। চিঠির সারমর্ম হচ্ছে, তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিত্সার ব্যবস্থা করা। মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যখন থেকে কারাগারে আছেন তখন থেকেই জেলকোড অনুযায়ী সর্বোচ্চ চিকিত্সা তাকে দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শ অনুয়ায়ী খালেদা জিয়ার চিকিত্সা চলছে। গত ২৪ ফেব্রুয়ারি বোর্ড খালেদা জিয়াকে দেখে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে। খালেদা জিয়াকে কবে নাগাদ বিএসএমএমইউতে  পাঠানো হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোর্ড যখনই বলবে তখনই পাঠাবো। কাজেই দিন, তারিখ, সময়, ক্ষণ বলা যাবে না।