ইত্তেফাক রিপোর্ট
আগামী এপ্রিলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্লেকের বিদায়ী সাক্ষাত্কালে এ বিষয়ে আলোচনা হয়। বিদায়ী হাইকমিশনার ব্লেক দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা পর্যালোচনা করার জন্য সংলাপকে একটি বিস্ময়কর কাঠামো হিসেবে বর্ণনা করেন।
২০১৮ সালের ১৫ মার্চ লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে দু’দেশের মধ্যে রাজনৈতিক, দ্বিপাক্ষিক বিষয়, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বর্তমান বৈশ্বিক সমস্যা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছিল।
দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হাইকমিশনার ব্লেকের নিবেদিত ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের কোম্পানিগুলোকে আরও বিনিয়োগে উত্সাহিত করার জন্য আলিসন ব্লেকের অব্যাহত সহায়তা চান। যুক্তরাজ্যে বিশেষ করে সিলেট থেকে অর্ধলাখের বেশি ব্রিটিশ-বাংলাদেশি রয়েছে উল্লেখ করে হাইকমিশনারকে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়াকরণকে আরও ঝামেলামুক্ত করার আহ্বান জানান। বাংলাদেশে দায়িত্বপালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সকল প্রকার সমর্থনের জন্য ব্রিটিশ হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
রোহিঙ্গা সংকটে টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে বিশ্বব্যাপী শক্তিশালী নেতৃত্ব জোরদারকরণে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। হাইকমিশনার ব্লেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাত্ করেন এবং বাংলাদেশে তার মেয়াদকালে সহায়তার জন্য ধন্যবাদ জানান। তারা বর্তমান রাজনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস মোকাবিলা এবং যুক্তরাজ্যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে মতবিনিময় করেন। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৭ মার্চ আলিসন ব্লেকের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
