এথেন্সে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৮:২১

গ্রিসের রাজধানী এথেন্সের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দূতাবাসের পক্ষে চার্জ দ্য অ্যাফেয়ার্স তরিকুল ইসলাম জাতীয় পতাকা অর্ধনমিত করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

জাতীয় পতাকা অর্ধনমিত করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫'ই আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করা হয় এরপর বঙ্গবন্ধুর সংগ্রামী মহৎ জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
 
সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বাংলাদেশি স্কুলের শিক্ষক এবং বাংলাদেশ সাংস্কৃতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপরই বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আলোচনা সভা করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও দর্শনকে হত্যা করতে পারেনি। এ সময় তারা শিগগিরই বঙ্গবন্ধু হত্যার অন্যান্য পালাতক খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) তার বক্তব্যে বঙ্গবন্ধুর অতূলনীয় নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বের কারনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তরিকুল ইসলাম বলেন, জাতি এখনও বঙ্গবন্ধুর স্বপ্ন এবং দর্শনকে বাস্তবে পরিনত করতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বের কারনে স্বাধীনতা আন্দোলন রচনা করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের একজন এবং জাতি তার মহৎ অবদানের কথা চিরকাল স্মরন রাখবে।

এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের একত্রে সোনার বাংলার স্বপ্ন অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।