পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘ফেসবুক টুইটার ঘেটে অপরাধী সনাক্তের ব্যপারে বিটিআরসি থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’ রবিবার দুপুরে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের বাদক দলের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দেশ ও দেশের বাইরে থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে পুলিশ সদস্যরা। কিন্তু দেশের ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদশে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে বিটিআরসির সহাযোগিতা নিতে হয় পুলিশকে। কিন্তু বিটিআরসি পুলিশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে পারে না। এজন্য অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’
দেশের রাজনৈতিক অবস্থায় দলীয় কোন্দল দেখা দিলে তা দলীয়ভাবেই মিমাংসা করার জন্য সব রাজনৈতিক পক্ষকে আহবান জানান পুলিশ মহাপরিদর্শক। এ সময় শিল্পাঞ্চলে মালিক শ্রমিক উভয়ের স্বার্থ সংরক্ষণের জন্য শিল্প-পুলিশের সকল সদস্যকে সজাগ থাকার নিদের্শ দেন তিনি।
