নিউইয়র্ক ফুটবল লিগে চ্যাম্পিয়ন যুবসংঘ

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৫:৩৫
 
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ ধরে রাখলো ওজন পার্ক যুব সংঘ। স্থানীয় সময় রবিবার অনুষ্ঠিত লিগের খেলায় ২-০ গোলে ব্রঙ্কস স্টারকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে চলতি লিগেও চ্যাম্পিয়ন হলো যুবসংঘ। লিগে যুবসংঘ ৯ খেলায় ২৫ পয়েন্ট অর্জন করে।
 
নিউইয়র্কের কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে রবিবার চলতি ফুটবল লিগ ও টুর্নামেন্টের আরো দুটি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া অপর একটি খেলায় ব্রঙ্কস ওয়ারিয়রের বিরুদ্ধে সন্দ্বীপ এসসি ওয়াকওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে লিগের বাইলজ অনুযায়ী মাঠে না আসায় ব্রঙ্কস ওয়ারিয়রকে ৫০০ ডলার জরিমানা গুনতে হবে।
 
ওজনপার্ক যুবসংঘ ও ব্রঙ্কস স্টারের মধ্যে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এবারের লিগ চ্যাস্পিয়ন যুবসংঘের পক্ষে গোল করেন সোহেল ও বাবলু। খেলার ১০ মিনিটের সময় যুব সংঘের সোহেল প্রথম গোল করেন। এছাড়া ২০ মিনিটের সময় ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে বাবলু দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। ব্রঙ্কস স্টারের পক্ষে পেনাল্টি কিক করে গোল করার সুযোগ নষ্ট করেন রকি।
 
দিনের অন্য খেলায় জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমে সোনার বাংলার পক্ষে মঈন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলার শেষ মুহূর্তে সংঘবদ্ধ আক্রমণের মাধ্যমে জ্যাকসন হাইটসের পক্ষে রাহাত গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত খেলাটি ড্র হয়।
 
দিনের শেষ খেলায় ওজনপার্ক এফসি সহজেই ৪-০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় রাহি প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার ৩৬ মিনিটের সময় ব্রাদার্সের আত্মঘাতী গোলে ওজনপার্ক এফসি আরো এগিয়ে যায়। এরপর খেলার ৩৮ মিনিটের সময় তারেক ও ৪৩ মিনিটের সময় জামিল একটি করে গোল করেন। শেষপর্যন্ত ৪-০ গোলে জয় পায় ওজনপার্ক এফসি।
 
রবিবার খেলার সময় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক জহির উদ্দিন জুয়েল, সদস্য জাকির হোসেন, আবু তাহির আসাদ প্রমুখ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন।
 
আগামী সপ্তাহে চলতি ফুটবল লিগ ও টুর্নামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হবে। এতে ওজনপার্ক এফসি ও সন্দ্বীপ এসসি, ব্রঙ্কস ইউনাইটেড ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব এবং ব্রঙ্কস স্টার ও আইসাব এফসি একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।