প্রবীর সিকদারকে গ্রেফতারের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৭:২৬
 
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দেন, সোমবার বিকাল পাঁচটায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এই মিছিল শুরু হবে।
 
রবিবার সন্ধ্যায় প্রবীর সিকদারকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর কয়েক ঘণ্টা পর ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয় তার বিরুদ্ধে। ফেসবুকে লিখে সুনাম ক্ষুণ্নের অভিযোগে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রাত ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।
 

গত ১০ আগস্ট ‘আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের একটি স্ট্যাটাসে তিনি লিখেন- আমি খুব স্পষ্ট করেই বলছি, নিচের ব্যক্তিবর্গ আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন: ১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ৩. ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।